আপডেট: October 4, 2021
আপডেট নিউজ, রাঙ্গাবালী::পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে এক গৃহবধূকে কোমরে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার সকালে ওই গৃহবধূর স্বামীর বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে।
তবে, শ্বশুরবাড়ি থেকে যৌতুক পেতেই স্বামীর এমন নির্যাতন বলে দাবি করেছেন নির্যাতনের শিকার গৃহবধূ রেনিস সুলতানা (১৯)। কাউখালী গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের মেয়ে তিনি।জানা গেছে, আড়াই বছর আগে একই গ্রামের মৃত হানিফ মোল্লার ছেলে রাকিব মোল্লার (২২) সাথে রেনিসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে অপ্রাপ্ত বয়সেই রেনিসের বিয়ে হয়। দেড় বছরের একটি কন্যাসন্তানও রয়েছে তাদের ঘরে।
গৃহবধূ রেনিস সুলতানা বলেন, ‘বিয়ের পর সুখে-শান্তিতেই আমাদের দিন কাটছিল। যা চেয়েছি তাই পেয়েছি স্বামীর কাছ থেকে। কিন্তু কিছুদিন পর থেকে শাশুড়ির আশকারায় তার সাথে দাম্পত্য কলহ শুরু হয়। রোববার শাশুড়ি শেকল বের করে দিলে স্বামী বানছে ও পিটাইছে।’
তিনি জানান, কিছুদিন আগে ঢাকা যাওয়ার সময় স্বামী তাকে জুতা দিয়ে বেধড়ক পিটিয়েছেন। তাকে বাবা-মায়ের সাথে যোগাযোগ করতে দেয়া হয় না। মোবাইল ফোন আটক করে রাখা হয়েছে ও যৌতুকের টাকার জন্য চাপ দিচ্ছেন। একবার তাকে বাবার বাড়ি পাঠিয়ে টাকা নিয়ে আসার জন্য বলেন রাকিব।
রেনিসের বাবা রফিকুল ইসলাম হাওলাদার বলেন, ‘যৌতুকের জন্য সে আমার মেয়েকে জালা-যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আমি বিচার চাই।’ নির্যাতনের খবর পেয়ে শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে এসেছেন বলে জানান বাবা রফিকুল।
এ বিষয়ে অভিযুক্ত স্বামী রাকিব মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার ব্ক্তব্য পাওয়া যায়নি।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘এ ধরনের কোনো খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।’

