আপডেট: February 5, 2022
নুরুল্লাহ ভূইয়া, বিশেষ প্রতিনিধি৷
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবিলায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরিশ্রম আর দূরদর্শী পরিকল্পনা এবং নতুন নতুন কৌশলকে কাজে লাগিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার আজ দেশকে সারাবিশ্বের কাছে দুর্যোগ ব্যবস্থাপনায় অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের পাশে আছে বলেই দেশের চরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন হয়েছে হচ্ছে, প্রতিমন্ত্রী বলেন,আমি মুজিবনগর ইউনিয়ন সহ চরফ্যাসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি৷ এ অঞ্চলের মানুষকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে পর্যায়ক্রমে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে৷
শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাসন উপজেলা পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সঞ্চালনায় বেলা ২টায় ব্রজগোপাল টাউন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম,পি বলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর, চর কুকরি মুকরি, ঢালচর নিয়ে আমার চরফ্যাশনের আয়তন ও জনসংখ্যার অনুপাতে বরাদ্দ দেয়া হয়নি।’ পরে প্রতিমন্ত্রীর নিকট চরাঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য কালর্ভাট, পাকা রাস্তা, সাইক্লোন সেল্টার, ঢেউটিনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন এমপি জ্যাকব।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান৷ এ সময় চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানের পূর্বে প্রতিমন্ত্রী এনামুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম এর কবর জিয়ারত, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক পরিদর্শন করেন৷

