আপডেট: November 9, 2021
অনলাইন ডেস্ক:: শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে শ্রীবর্দী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের মালাকুচা গ্রামে থেকে মৃত হাতিটি উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগ ও একাধিক সূত্র জানায়, হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে মালাকুচা গ্রামের লোকজন বাড়ির পাশে বিদ্যুতের তার ছড়িয়ে রাখতেন। মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় বন্যহাতির দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি হাতি বিদ্যুৎস্পর্শে মারা যায়। পরে স্থানীয়রা হাতির শরীর থেকে বিদ্যুতের তার খুলে ফেলে। মৃত হাতিটির বয়স প্রায় ৩০ বছর।
শেরপুরের প্রশাসন ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার দেওয়া তথ্যমতে, ১৯৯৫ সাল থেকে বন্যহাতির আক্রমণে এ পর্যন্ত জেলার শ্রীবরদী, নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৯০ জন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। অন্যদিকে বিদ্যুৎতের তারে জড়িয়ে ও নানা কারণে ২৫-৩০টি বন্যহাতির মৃত্যু হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিজুরি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এই হাতিটিও বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে। উপজেলা সদর থেকে প্রাণীসম্পদ কর্মকর্তার মাধ্যমে মৃত হাতির শরীরের বিভিন্ন স্থান থেকে নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে।

