শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

আপডেট: March 31, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে কারখানার ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে কারখানার মালিকসহ তিন জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফুরকান খান জানান, কর্তব্য অবহেলার অভিযোগ এনে নিহত মনোয়ার হোসেনের ভাই আনোয়ার হোসেন তিনজনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- আলিফ এন্টারপ্রাইজের অধীনে কর্মরত ঠিকাদার ইব্রাহিম খান, ফোরম্যান রাব্বানী এবং স্কাইনীট পাওয়ার কোম্পানির মালিক আরশেদ আলী। এর মধ্যে ইব্রাহিম খান ও রাব্বানীকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বলেন, ‘আরমাদা স্পিনিং কারখানায় ভবন নির্মাণের কাজ চলছিল। তিন নির্মাণ শ্রমিক দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করছিলেন। তারা রড উপরে ওঠানোর সময় আকস্মিক রডগুলো পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়। আমরা তাদের লাশ বালির নিচে চাপা দেওয়া অবস্থায় দেখতে পাই এবং উদ্ধার করি। তাদের শরীর একটু ঝলসানো অবস্থায় পাওয়া গেছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে নিহত মনোয়ার হোসেনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে কারখানার মালিকসহ তিন জনকে আসামি করে একটি মামলা করেন। তাদের মধ্যে রাতেই দুইজনকে গ্রেফতার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network