আপডেট: August 14, 2020
বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বন্যার পানি দ্রুত সরে যাওয়ার জন্য দেশে ৫০০ খাল খনন কাজ চলছে। আরও ৫০০ খাল খননের পরিকল্পনা আছে।শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরআইচা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ৬৪ জেলায় প্রথম পর্বে ৫০০ খাল খননের কার্যক্রম কার্যক্রম চলছে। ইতোমধ্যে এ প্রকল্পের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরো প্রকল্প শেষে আরও ৫০০ খাল খননের পরিকল্পনা রয়েছে। মোট এক হাজার খাল খনন কাজ শেষ হলে আগামী ২ বছর পরে বন্যা হলেও পানি দ্রুত সরে যেতে পারবে। এতে বন্যায় ক্ষয়ক্ষতিও কম হবে।
তিনি বলেন, বর্তমান বন্যা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে, পানি নেমে যাচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ড বরিশালে তালতলী নদীর তীরে বৃক্ষরোপণের এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এএম আমিনুল হক, দক্ষিণাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হারুন অর রশিদ এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান উপস্থিত ছিলেন।

