সুন্দরবনে মাছ ধরার সময় ১১ জেলে আটক

আপডেট: December 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে দুটি ট্রলার, তিনটি নৌকা, বিপুল পরিমাণ মাছধরা জালসহ বিভিন্ন মালামাল। মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের কাবলোতলা খালে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়।

আটক জেলেদের বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলেন- নূর ইসলাম (৪৩),  নয়ন খন্দকার (৩৯), আ. রহিম (৪৩), ফয়সাল বালি (১৯), নিয়াজ তালুকদার (৩৭), মনির হাওলাদার (৪৫), বেল্লাল তালুকদার (৪৩), রবিউল শেখ (১৯), রহমান খান (৩০), শাওন (২০) ও  রাকিব ইসলাম (২৭)। এদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার  বগী ও চালিতাবুনিয়া গ্রামে।
সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, তার নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার কটকা অভয়ারণ্য এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় সন্ধ্যায় কাবলোতলা নামক খাল থেকে ১১ জেলেকে আটক করা হয়। আটককালে মাছ ধরারত অবস্থায় ছিলেন জেলেরা। সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। আটক জেলেরা আইন অমান্য করে সেখানে মাছ ধরছিলেন। এসব জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network