হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

আপডেট: July 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি ::বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বেসরকারি হাসপাতালের ওয়াশরুমের দরজা ভেঙ্গে হাসিনা খানম রিক্তা (৩৪) নামে কর্মরত এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের রায়েন্দা পাচরাস্ত মোড়ে বেসরকারি একটি হাসপাতালের ওই নার্সের মৃতদেহ উদ্ধার করা হয়। রিক্তা উপজেলার উত্তর তাফালবাড় গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা জানান, নাইট ডিউটিতে থাকা নার্স হাসিনা খানম রিক্তা (৩৪) প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ভোর রাতে ওয়াশরুমে যায়। দীর্ঘ সময় ওয়াশরুম থেকে বের না হওয়ায় ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি। পরে শরণখোলা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওয়াশরুমের দরজা ভেঙ্গে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ওয়াশরুমে মাদকের ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া যায়। দ্রুত তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রিক্তার স্বামী জসিম হাওলাদার জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থ্যতার ভুগছিলেন। তার শশুর বাড়ী নড়াইলে। স্ত্রীর মৃত্যুর পর শ্বশুর রফিক শেখকে খবর দেয়া হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, নার্সের মৃতদেহের পাশে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তে জন্য বাগেরহাট ২৫০ বেড জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network