আপডেট: May 28, 2020
অনলাইন ডেস্ক:: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনাভাইরাসের রোগীদের ইউনিটে বুধবার রাতে আগুন লেগে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই করোনারোগী।এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন ফায়ার ব্রিগেড ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল চক্রবর্তী, উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ এবং বারিধারার জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ।
কমিটির সদস্য আজাদ বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, কমিটিতে আমাকে রাখার কথা আজই জানানো হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত এরইমধ্যে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো আলামত যেন না সরানো হয়, সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী, রোগীর আত্মীয়-স্বজন, ওই ওয়ার্ডের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, যিনি ফায়ার ব্রিগেডে প্রথম ফোন করেছিলেন- তাদের সবার বক্তব্য নেয়া হবে।
বুধবার রাত ১০টার দিকে ইউনাইটেডে এসি বিস্ফোরণ হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিচতলায় এসি বিস্ফোরণের পর আগুন লাগে। রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ওই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
হাসপাতালের নিচ তলায় ছিল করোনাভাইরাস ইউনিট এবং সেখানে যারা ছিলেন তারা সবাই করোনা রোগী।
হাসপাতাল সংলগ্ন একটি বাড়ির বাসিন্দা হোসাইন নাসরাত আলী খান জানান, রাত পৌনে দশটা নাগাদ বিকট শব্দ শুনে তিনি ঘরের বাইরে এসে দেখেন গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫), মো. মাহাবুব (৫০)।

