মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: July 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুরের কালকিনিতে স্বর্ণা আক্তার (১৯) নামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, আন্ডারচর গ্রামের কাঞ্চন হাওলাদারের মেয়ে স্বর্ণা আক্তারের সঙ্গে একই এলাকার আমির সরদারের ছেলে মালয়েশিয়া প্রবাসী জহিরুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বর্ণা আক্তার বিভিন্ন সময় বাবার বাড়িতে যাওয়া-আসা করেন। তারই ধারাবাহিকতায় স্বর্ণা আক্তার কিছুদিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে যান।

কিন্তু স্বর্ণার চাচি নাজমা বেগম বাড়িতে বসে বিভিন্ন সময় কারণে-অকারণে স্বর্ণা আক্তারকে জ্বালা-যন্ত্রণা করেন। এ যন্ত্রণা সইতে না পেরে শনিবার দুপুরে স্বর্ণা তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে নিহতের পরিবার জানায়।

অভিযুক্ত নাজমা বেগম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে স্বর্ণা বিনা কারণে চর-থাপ্পড় দিয়েছে। তাই তাকে তার পরিবারের লোকজন আমার কাছে ক্ষমা চাইতে বলে। এ ক্ষমা চাইতে বলায় লজ্জায় স্বর্ণা আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, চাচির সঙ্গে ঝগড়া করে স্বর্ণা আত্মহত্যা করেছে বলে জেনেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network