আপডেট: January 21, 2021
অনলাইন ডেস্ক:: রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদরাসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক বেলাল হোসেন (২৬) রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, বেলাল বাসে চড়ে পালাচ্ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় আরএমপির রাজপাড়া থানা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার নগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে বিপুল কিশোর নামে এক ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করছিলেন। বেলাল ওই সময় হেলমেট ছাড়া একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সার্জেন্ট বিপুল তার মোটরসাইকেলের কাগজ দেখতে চান ও হেলমেট না থাকার কারণ জানতে চাইলে সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বেলাল। হঠাৎ পার্শ্ববর্তী ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ নিয়ে এসে সার্জেন্ট বিপুল কে এলোপাতাড়ি মারধর শুরু করে বেলাল।এ নিয়ে মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় বেলালকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন সার্জেন্ট বিপুল।

