আপডেট: February 3, 2021
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ ও তার স্ত্রী এবং ফ্রান্সের দ্য ক্রাইসিস অ্যান্ড সার্পোট সেন্টারের পরিচালক এরিক সেভালিয়াসহ ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল।বুধবার সকাল সাড়ে ১০টায় ১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ও দুপুর ১টায় ১৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। এ সময় ফ্রান্সভিক্তিক দাতা সংস্থা ও পার্টনার এনজিওদের বিভিন্ন কর্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দল।
পরিদর্শনকালে তারা ফ্রান্সের দাতা সংস্থা এমডিএমের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) পরিচালিত নারী ও পুরুষবান্ধব দুইটি কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন। তারা স্কাসের কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে বলেন, স্থানীয়, দেশি ও বিদেশি সংস্থাগুলোকে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা করার আহ্বান জানান।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাথে ছিলেন- ১৫ নাম্বার রোহিঙ্গা ক্যম্পের ইনচার্জ মিকন তং চংগ্যা, ফ্রান্সের দাতাসংস্থা এমডিএম এর জিভিবি ডেপুটি কো-অর্ডিনেটর ডা. সৈয়দা মোশরেফা জাহান, মেন্টাল হেলথ অ্যান্ড পিএসএস ডেপুটি কো-অর্ডিনেটর সানজিদা সাহনাজ, প্রোগ্রাম সার্পোট অফিসার রোকসানা কামাল, সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার (স্কাস) এমএইচপিএসএস প্রজেক্টের কো-অর্ডিনেটর সাইকোলজিস্ট তারিকুল ইসলাম ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা।
এছাড়াও তারা সকাল সাড়ে ১০টায় ১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এনজিও সংস্থা ফ্রেন্ডসশিপ ইন্টারন্যাশনালের কয়েকটি হেলথ পোস্ট ও নারীবান্ধব সেবাকেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শনকালে তারা পার্টনার এনজিওদের কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন।

