আপডেট: March 10, 2021
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার সকালে বিক্ষুব্ধ জনতা কুমারখালী এলাকায় সড়ক অবরোধ করে।
এর ফলে নলছিটির সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। দীর্ঘদিন ধরে এ সড়কের অচলাবস্থা না কাটায় এ অবরোধ করা হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।
তারা জানান, দীর্ঘদিন পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাটি বেহাল দশায় পরিণত হওয়ায় হাজার হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মতো হাসপাতালে যাওয়া যায় না। দ্রুত রাস্তাটি সংস্কার করা এখন সবার প্রাণের দাবি হয়ে উঠেছে।এ সড়কের সংস্কারে টেন্ডার হওয়া সত্ত্বেও অর্থাভাবে কাজ করছেন না ঠিকাদাররা। এ ব্যাপারে প্রায়শই মানববন্ধন করা হলেও সংস্কার কাজ চলছে না। এ সময় ঠিকাদারের বিচার চেয়ে দ্রুত রাস্তা সংস্কার করার দাবি জানান এলাকাবাসী।

