আপডেট: March 25, 2021
অনলাইন ডেস্ক:: গাজীপুরে সেফহোম থেকে পালিয়ে গেছে ১৪ কিশোরী।বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের ভোগড়া মোগরখাল এলাকার ‘নারী ও শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে’ এ ঘটনা ঘটে। পরে বাসন থানা পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাত কিশোরীকে উদ্ধার করে।
তবে বৃহস্পতিবার সকাল ১০টার পরও বাকি সাতজনের সন্ধান পাওয়া যায়নি। বাসন থানা পুলিশ কিশোরীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
পলাতক নিবাসীরা হলো— লালমনিরহাটের হাতীবান্ধা থানার মাঠ গ্রাম এলাকার মিলন মিয়ার মেয়ে মিম আক্তার (১৭), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার দেউলি এলাকার সৈয়দ মিল্টনের মেয়ে মলি আক্তার (১৭), নরসিংদীর শিবপুর থানার ধানুয়া এলাকার শাহ আলমের মেয়ে মনিরা (১৫), মুন্সীগঞ্জের লৌহজং থানার বড় নওয়াপাড়া এলাকার বর্না আক্তার নিঝুম (১৫), আশুলিয়া থানা সদর এলাকার ওমর ফারুকের মেয়ে ফাহমিদা আক্তার রিয়া (১৬), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজ বাতানপাড়া মাদ্রাসা রোড কবির মিয়ার মেয়ে তাসলিমা (১৫) এবং একই জেলার বন্দর থানার বাঘবাড়ি এলাকার আব্দুর রশিদের মেয়ে জামিলা খাতুন সুইটি (১৭)।
এ ছাড়া উদ্ধার হওয়া সাতজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো— নারায়ণগঞ্জ জেলার আফজাল হোসেনের মেয়ে লামিয়া, নরসিংদীর মাহমুদা আক্তার তুলি ও তানিয়া। এদের মধ্যে বাকি চারজন বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ঘটনাস্থলে অবস্থান করছেন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, বুধবার রাত ১২টার দিকে ওই নিরাপদ আবাসন কেন্দ্রের তৃতীয় তলায় হেফাজতে থাকা ১৪ হেফাজতি জানালার গ্রিল ভেঙে ওড়না বেয়ে প্রায় ২৫ ফুট দেয়াল টপকে পালিয়ে যান।টের পেয়ে আবাসন কেন্দ্র থেকে পুলিশকে জানানো হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাতজনকে উদ্ধার করে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

