বরিশাল থেকে রাজধানীতে ছুটছে কর্মজীবী মানুষ

আপডেট: May 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পবিত্র ঈদুল ফিতর শেষে রাজধানীমুখী যাত্রীদের ভিড় বেড়েছে বরিশালের বাস টার্মিনালগুলোতে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগকে সঙ্গী করে আন্তঃজেলায় চলাচলরত বাস, থ্রি-হুইলারসহ বিভিন্ন পরিবহনে ভেঙে ভেঙে কর্মস্থলে ফিরছেন বরিশালের যাত্রীরা।লঞ্চ বন্ধ থাকায় যাত্রীচাপ বেড়েছে সড়ক পথে। এ সুযোগে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় করছেন যানচালকরা। স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি উপেক্ষা করে চলাচলরত এসব পরিবহনে ঢাকামুখী মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

ছুটি শেষ হওয়ায় রোববার সকাল থেকেই বরিশালের নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনালে ভিড় লক্ষ্য করা গেছে। বরিশালের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা সিএনজি, মাইক্রোবাস ও আন্তঃজেলায় চলাচলরত বাসে চড়ে বরিশাল ত্যাগ করছেন। ফলে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা ব্যয়ে পৌঁছাতে হচ্ছে গন্তব্যে।

যাত্রী আবদুর রাজ্জাক জানান, আগে বরিশাল থেকে মাওয়া হয়ে ঢাকায় যেতে পাঁচ থেকে ৭০০ টাকা খরচ হতো। এখন খরচ হচ্ছে প্রায় ১৪০০ টাকা। এছাড়া একাধিকবার যানবাহন বদল করায় স্বাস্থ্যবিধি উপেক্ষার পাশাপাশি ভোগান্তিও বেড়েছে। ভোগান্তি লাঘবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান দাবি করেছেন তিনি।ঝালকাঠির নিয়াজ উদ্দিন জানান, ঢাকা যাওয়ার উদ্দেশে বরিশালের নথুল্লাবাদে এসেছেন। অন্যান্য দিনের তুলনা যানবাহন কম থাকার সুযোগে অতিরিক্ত অর্থ আদায় করছেন যানচালকরা। কিন্তু কোনো যানেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। প্রত্যেক সিটে যাত্রী বসিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে যানবাহনগুলো।

বাস শ্রমিকরা জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতে উদ্বুদ্ধ করলেও তা মানতে অনীহা দেখাচ্ছেন যাত্রীরা। পরিবহনে যাত্রী চাপ বেড়ে যাওয়ায় আলাদা সিট ব্যবহারে রাজি হচ্ছেন না। স্বাস্থ্যবিধি নিশ্চিতে অনুরোধ করলেও তা যাত্রীরা শুনতে চান না। এ বিষয় নিয়ে প্রায়ই তাদের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটে বলে জানান শ্রমিকরা।অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর বিদ্যুৎ চন্দ্র জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network