ব্যবসায়ীকে হাতুড়িপেটা করলেন বরিশাল ছাত্রলীগ সম্পাদক

আপডেট: May 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলায় ছাত্রলীগ সম্পাদক, তার অনুসারী মো. শুভ, স্বপন হাওলাদার, মো. জিসান ও রবিনসহ আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ব্যবসায়ী রুহুল কুদ্দুস রাহাতের বাবা গোলাম কবির শনিবার গভীর রাতে পাঁচজনের নামে এবং ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। তিনি আরও জানান, আসামি খালিদ হোসেন রবিন এবং সন্দেহভাজন মেহেদী হাসানকে রোববার সকালে টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোল্লাবাড়ি স্ট্যান্ডে ব্যবসায়ী রুহুল কুদ্দুস রাহাতের ওপর হামলা হয়। তাকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ ওঠে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন ও তার অনুসারীদের বিরুদ্ধে।

আহত রাহাতের ভাই রাব্বি জানান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন তার সহযোগীদের নিয়ে মোল্লাবাড়ি স্ট্যান্ডে লিটনের ইলেকট্রিক দোকানে হামলা চালিয়ে তাকে মারধর করেন। এর পরপরই একই এলাকার ব্যবসায়ী রাহাতের বাড়িতেও হামলা চালানো হয়। পরে মোল্লাবাড়ি স্ট্যান্ডে রাহাতের সঙ্গে সুজনের দেখা হয়। ওই সময় তার লোকজন রাহাতকে মারধর করে এবং সুজন হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে আহত করেন। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধলু মোল্লা আহত ব্যক্তির বরাত দিয়ে বলেন, সুজনের স্বজন তুহিনের কাছে রাহাত কয়েক লাখ টাকা পায়। টাকা ফেরত চাইতে গিয়ে এ ঘটনা ঘটে।

তবে হামলার পর বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন বলেন, রাহাতের সঙ্গে ভোলার তুহিনের লেনদেন আছে। রাহাতের কাছে ১ লাখ ৭২ হাজার টাকা পায় তুহিন। তুহিন ও তার ছোট ভাই ছাত্রলীগের শুভ এ বিষয়ে আমাকে জানান। এরপর রাহাত ক্ষিপ্ত হয়ে ফেসবুকে নানা পোস্ট দিতে থাকেন। রাহাত বন্ধু হওয়ায় এবং একই এলাকার বাসিন্দা হওয়ায় তাকে ফেসবুকে মিথ্যাচার না করতে বলি। এরপর সে সন্ধ্যায় আমার ওপর হামলা চালায়। আর হামলা চালাতে গিয়ে সে নিজেই কোনোভাবে আহত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তার সঙ্গে আমার কোনো লেনদেনও নেই। এ বিষয়ে আমিও আইনের আশ্রয় নিব। এদিকে রাহাতের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network