আপডেট: May 23, 2021
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে হাসান শেখ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ মে) ভোরে সদর উপজেলার পূর্বটোনা গ্রামের বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসান শেখ ওই গ্রামের মৃত ছোবাহান শেখের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, ভোরে হাসানের ভাগিনা ডাব কিনতে বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্বজনদের জানালে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসানের গলায়, বুকে ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো মাসুদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

