আপডেট: July 11, 2022
অনলাইন ডেস্ক:: ঈদের দিন বিকালে অভয়নগর উপজেলার বন্ধুদের নিয়ে ভৈরব সেতু দেখতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোবহান মোল্যা (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।গুরুতর আহত হন- দুটি মোটরসাইকেলে থাকা অপর চারজন আরোহী। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈদের দিন রোববার বিকালে ভৈরব সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহতের চাচা আজিবর মোল্যা জানান, তার ভাইপো সোবহান মোল্যা দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ভৈরব সেতু দেখতে আসে। ভৈরব সেতুর পূর্বপাশে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তার ভাইপো মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর চারজন। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. অথৈ সাহা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ ও অপর দুইজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অভয়নগর থানার এসআই রণজিৎ কুমার সেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সোবহান মোল্যা যশোরের রূপদিয়া এলাকার চাউলিয়া গ্রামের মুজিবর মোল্যার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

