জীবননগরে স্বর্ণের বারসহ বিজিবির হাতে পাচারকারী আটক

আপডেট: September 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বিজিবির মাঝে স্বর্ণের বারসহ আটককৃত আসামি » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ মো. তাজমুল হোসেন (৩০) নামের এক পাচারকারী বিজিবির হাতে আটক হয়েছে। সোমবার (২৬শে সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গয়েশপুর এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত তাজমুল হোসেন জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের শখের আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত গয়েশপুর বিওপির টহল দল সোমবার সন্ধ্যায় জানতে পারেন যে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে জাকাউল্লাহর ইটভাটার দক্ষিণ-পশ্চিম কোণায় পাকা রাস্তার পাশে চোরাকারবারিরা স্বর্ণ পাচারের জন্য অবস্থান করছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য টহল দলটি উক্ত স্থানে পৌঁছালে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদলটি তাদের পিছু ধাওয়া করে। এ সময় তাজমুল হোসেন নামের একজনকে আটক করা হয়।

আটককৃত তাজমুলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার কাছে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত স্বর্ণের বার রয়েছে। সে এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্য সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার পরিহিত ট্রাউজারের বাম পকেট হতে কালো কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২টি ছোট টোপলা সে বের করে দেয়। সেই টোপলা স্বাক্ষীদের উপস্থিতিতে কসটেপ হতে অবমুক্ত করে ৪টি স্বর্ণের বার দেখতে পাওয়া যায়। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ৪৪৯.৫৩ গ্রাম, যার আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা। এ ঘটনায় একজনকে পলাতক দেখিয়ে আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপার্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network