চাকরির প্রলোভন দেখিয়ে ৯৫ লক্ষ টাকা আত্মসাৎ, বড়দুধপাতিলার কালাম গ্রেফতার

আপডেট: October 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

র‌্যাবের মাঝে গ্রেফতারকৃত আসামি আবুল কালাম » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৯৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় মো. আবুল কালাম (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৬শে অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাধীন আলফা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়দুধপাতিলা গ্রামের বাসিন্দা। তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামি একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা। তিনি দীর্ঘদিন যাবৎ নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠান/দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৯৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীগণ তার নামে বিভিন্ন থানায় ৩টি মামলা ও ১টি জিডি দায়ের করেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তার নামে জারি করেন ২টি গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতার এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতারক আবুল কালাম নিজের নাম ঠিকানা পরিবর্তন করে আত্মগোপন করেন।

ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আভিযানিক দলটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, প্রতারক আবুল কালাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি বুধবার ভোর সাড়ে ৪টার সময় টুঙ্গিপাড়া থানাধীন আলফা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network