মাদারীপুরে রাস্তায় ফেলে গেলেন ছেলে, ৪ দিন কবরস্থানে পড়েছিল মা

আপডেট: November 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:মাদারীপুর সদর উপজেলায় এক বৃদ্ধাকে রাস্তার পাশে ফেলে গেছেন তার ছেলে। এ সময় বৃদ্ধা স্থানীয় করবস্থানে চারদিন থাকার পর অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতীবাড়ী এলাকায় এলাকাবাসী, সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বৃদ্ধার পরিচয় জানা যায়নি। তিনি গুরুতর অসুস্থ হওয়ায় তেমন কিছু বলতে পারেননি।

প্রাথমিকভাবে জানা গেছে, বৃদ্ধার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নের তাঁতীবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে বৃদ্ধাকে ফেলে যান তার ছেলে। পরে এলাকাবাসী উদ্ধার করে পাশের একটি বাড়িতে খাওয়া-দাওয়া করান। বৃদ্ধা কারও বাড়িতে না থেকে রাস্তার পাশে কবরস্থানে গিয়ে মাটিতে শুয়ে থাকতেন। পরে স্থানীয়রা তাকে কাঁথা দিলে তা শরীরে পেঁচিয়ে রাতেও ওই কবরস্থানেই ঘুমাতেন।

গত দুইদিন আগে পাশে সড়কে গেলে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি। এরপর থেকে বৃদ্ধা আর কারও সঙ্গে কথা বলতে পারছেন না। পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় ভুক্তভোগী বৃদ্ধাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. বদরুজামান সম্রাট জানান, মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তির পর বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার চৌধুরী জানান, স্থানীয় এক সাংবাদিক ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। পরে ফোর্স পাঠিয়ে ভুক্তভোগী বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে বৃদ্ধা মার ঠিকানা জানার চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network