চাখারে কোচিং সেন্টারে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পরিচালক ও শিক্ষক গ্রেফতার

আপডেট: December 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ার চাখারে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক সোহাগ হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে তাকে বরিশালের জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী।

সোহাগ চাখার ইউনিয়নের বলহার গ্রামের মো. ছত্তার হাওলাদারের ছেলে।গতকাল রবিবার রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে একমাত্র আসামি করা হয় সোহাগকে। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চাখার থেকে সোহাগকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, কলেজপড়ুয়া ওই ছাত্রী চাখারে সোহাগ হাওলাদারের কোচিংয়ে পড়তেন। সোহাগ ওই ছাত্রীকে একাধিকবার বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে অস্বীকৃতি জানালে এক দিন কোচিং সেন্টারে আটকে রেখে মোবাইল ফোনে ওই ছাত্রীর অশ্লীল ছবি তুলে রাখেন সোহাগ। পরে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও বিয়ের প্রলোভনে কোচিং সেন্টারেই সোহাগ তাকে ধর্ষণ করেন। সর্বশেষ ২৮ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টারে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরদিন ওই ছাত্রী সোহাগকে বিয়ের কথা বললে তিনি হত্যার চেষ্টা চালায় বলেও দাবি বাদীর। খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই কলেজছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network