আপডেট: January 28, 2024
অনলাইন ডেস্ক:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের বঙ্গের বাড়ি এলাকায় বিএসএফের গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রবিবার (২৮ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।নিহত রফিউল ইসলাম টুকলু উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেন ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার ভোরে চোরাকারবারির একটি দল সীমান্ত পেরিয়ে আঙ্গরপোতা ১নং মেইন পিলারের ১নং সাব পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬নং বিএসএফ ব্যাটালিয়ান অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্যদের গুলিতে বাংলাদেশি যুবক রফিউল ইসলাম টুকলু নিহত হয়। পরে লাশ টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশি যুবকের লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে।
পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন,ভোরে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে। ওই যুবকের মরদেহ ভারতীয় পুলিশের কাছে রয়েছে।এ বিষয়ে ৫১-বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবাদার আমানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফ’কে চিঠি দেওয়া হয়েছে।

