স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট: February 20, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর মহিপুরে আরিফ হোসেন (২৬) ও রিয়া মনি (২২) নামে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে লতাচাপলী ইউনিয়নের আছালতখাঁ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
আরিফ হোসেন ওই এলাকার আলী হোসেনের পুত্র। আর স্ত্রী রিয়া মনির বাবার বাড়ি আমতলী উপজেলার শাখারিয়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ কুয়াকাটা সমুদ্র সৈকতের ফটোগ্রাফার ছিলেন। রাতে ওই বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়ামনি ও সাড়ে ৪ বছরের কন্যা শিশু সুমাইয়া ছিলো। বিকালে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় সুমাইয়া ঘুমিয়ে পড়েছিলো। রাত এগারোটার দিকে ঘুম ভাঙলে সে তার বাবাকে ঘরের আড়ার সঙ্গে ও মাকে বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশিদের ডেকে আনে। পরে স্থানীয়রা তাদের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আরিফের ভাগ্নে খাইরুল ইসলাম জানান, আমরা শিশু সুমাইয়াকে জিজ্ঞাসা করলে সে জানায় ভাত রান্না করা নিয়ে গতকাল বিকালে তার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হয়। পরে রাতে ঘুম ভাঙলে সে তার বাবা মাকে ঝুলতে দেখে ঘর থেকে টর্চ লাইট নিয়ে প্রতিবেশীদের ডেকে আনে। আমিও তখন ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেই।মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network