মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

আপডেট: August 10, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে পাড়া মহল্লায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সারারাত মন্দির পাহারায় ছিলেন জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা যায়, জেলার সকল মন্দিরগুলোতে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পাহারার ব্যবস্থা করে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত সারা রাত পাহারায় ছিলেন তারা। এছাড়া সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে জামায়াত।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির এডভোকেট হাফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার থেকে আমরা নেতাকর্মীদের আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাদের মনে সাহস দিতে বলেছি।

হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। জামায়াত মনে করে সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক। বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছি। তাদের এই আশ্বাস দিচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক।

তিনি আরও জানান, গত মঙ্গলবার থেকে জেলার সকল মন্দিরের জায়গায় পাহারা নিশ্চিতে ওয়ার্ড ভিত্তিক নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি। মন্দির পরিদর্শনের কাজ অব্যাহত রেখেছি। ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকেও সহযোগিতা করতেছি। যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারে।

জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এনামুল হাসান জানান, আমরা জেলা শহরের মন্দিরসহ বৃষ্টিতে রাত জেগে পাহারা দিচ্ছি। আমাদের ভাইদের নিয়ে স্থানীয়দের সহায়তায় পাহারা কার্যক্রম অব্যাহত রেখেছি। রাতে ভারী বৃষ্টির মধ্যে কেউ সুযোগ ব্যবহার করতে পারে, সেজন্য অতন্দ্র প্রহরীর কাজ করেছি। সবাইকেই তৎপরতার সাথে পাহারা দেয়ার অনুরোধ জানিয়েছি। ১৮টি টিমে বিভক্ত হয়ে পাহারা দিয়েছেন বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network