আপডেট: November 7, 2024
অনলাইন ডেস্ক:: রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মাপারে আড্ডা দেওয়ায় ৯ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর পদ্মাপার এলাকা থেকে তাদের আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পদ্মাপারের বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছিল। এছাড়াও কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়েছে। কিছুদিন হলো এমন অভিযোগ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের কাছে আসতে থাকে। এর প্রেক্ষিতে গত ৫ নভেম্বর থেকে আরএমপির পুলিশ কমিশনারের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর বিভিন্ন জায়গায় ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় বুধবার ডিবি পুলিশের একটি দল নগরীর পদ্মাপারের বিভিন্ন জায়গা থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে। এরপর তাদের আরএমপি সদর দফতরে নিয়ে যাওয়া হয়। পরে অভিভাবকদের ফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।

