আপডেট: November 10, 2024
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইশাবুল ইসলাম ওরফে মিল্টন মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ই নভেম্বর ২০২৪) দুপুরে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে।
জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে গত ১৮ই অক্টোবর চুয়াডাঙ্গা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আলী আজগার টগরসহ ১২২ জনের নামে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার ৭নং এজাহারনামীয় আসামি হলেন ইশাবুল ইসলাম ওরফে মিল্টন মোল্লা। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় রবিবার দুপুরে মহেশপুর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল সোমবার সকালে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

