আপডেট: November 16, 2024
মুন্নি হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের খোয়াজ আলী শেখের কন্যা খালেদা আক্তার মুন্নি (১৮) হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করেছে পুলিশ। দৈহিক সম্পর্কের পর চুক্তির পুরো টাকা চাওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলো- চুয়াডাঙ্গা সদর থানার হাজরাহাটি গ্রামের শেখপাড়ার টোকন আলীর ছেলে মানিক আলী ওরফে মানিক মুন্সি (২২), একই এলাকার মইদুল ইসলামের ছেলে পারভেজ মুন্সি ওরফে স্বপন (১৯)। গ্রেফতারকৃত আসামিদ্বয় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
পুলিশ জানায়, গত ৯ই নভেম্বর দুপুর আনুমানিক ১২টার সময় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে কেনাকাটা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় খালেদা আক্তার মুন্নি। একইদিন সন্ধ্যায় তাঁর মাকে জানায় কেনাকাটা করতে রাত হয়েছে আলমডাঙ্গায় খালার বাসায় থাকবে। পরবর্তীতে ১৪ই নভেম্বর সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গার হাজরাহাটি-বোয়ালমারী মাঠ থেকে অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত (পোকা ধরে গেছে) লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। লাশের শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু দেখে লাশটি খালেদা আক্তার মুন্নির মর্মে শনাক্ত করে তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশে পুলিশের একাধিক দল হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের জন্য কাজ শুরু করে। ১৫ই নভেম্বর রাত আড়াইটার দিকে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
ঘটনার বিষয়ে আসামি মানিক আলী ওরফে মানিক মুন্সি পুলিশকে জানায়, গত ৬ই নভেম্বর সে ও তাঁর বন্ধুরা বড়গাংনীতে খালেদা আক্তার মুন্নিকে টাকার বিনিময়ে অনৈতিক সম্পর্ক করার জন্য নিয়ে আসলে মুন্নি স্থানীয়দের সহযোগিতায় ব্লাকমেইল করে ২০ হাজার টাকা আদায় করে। অতঃপর মানিক মুন্সি মুন্নির ওপর রাগের বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। পরবর্তীতে গত ৯ই নভেম্বর বিকালে ফোনকলের মাধ্যমে মানিক মুন্সির সাথে মুন্নি সারারাত ২০ হাজার টাকার বিনিময়ে অনৈতিক কাজ করতে সম্মত হয়। রাত আনুমানিক ৭টার সময় মুন্নি সদর থানাধীন নীলমনিগঞ্জ পিটিআই মোড়ে পৌঁছালে মানিক মুন্সি তাঁর অপর সহযোগী পারভেজ মুন্সি ওরফে স্বপনকে তাকে মোটরসাইকেলে নিয়ে আসতে বলে। পারভেজ মুন্সি পিটিআই মোড় থেকে মুন্নিকে রিসিভ করে বোয়ালমারী শ্বশানের রাস্তার ফাঁকা জায়গায় মানিক মুন্সির নিকট নিয়ে আসে।
তাঁরা দুজনেই পানবরজের পিছনের জঙ্গলে মুন্নির সাথে পালাক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পারভেজ মুন্সি ঘটনাস্থল থেকে চলে গেলে মানিক মুন্সি একাধিকবার শারীরিক সম্পর্ক করার পর পাঁচ হাজার টাকা দিলে মুন্নি টাকা নিতে অসম্মতি প্রকাশ এবং চিৎকার করলে গলা চেপে ধরে। এসময় সে উপুড় হয়ে পড়ে গেলে পিঠের উপর বসে গলাটিপে মুন্নিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ওড়না দিয়ে হাত বেঁধে জঙ্গলের ভেতর ফেলে রেখে শপিং ব্যাগ ও জুতা নদীতে ফেলে দেয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম জানান, খালেদা আক্তার মুন্নি হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামিকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিদ্বয় দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

