বরিশালে কীর্তনখোলা নদীতে স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট: December 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষের পর নিখোঁজ স্পিডবোটের চালকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন আরো একজন।

রোববার (৮ ডিসেম্বর) সকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- স্পিডবোট চালক আল আমিন (২৩), যাত্রী মো. ইমরান হোসেন ইমন (২৯) ও মো. রাসেল আমিন।

এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষ হয়। সংঘর্ষে পর নদী থেকে স্থানীয়রা ছয়জনকে উদ্ধার করেন। এরমধ্যে জালিস মাহমুদ (৫০) নামে স্পিডবোটের এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়াও উদ্ধার করা অপর এক যাত্রী ভোলার দৌলতখান থানার কনস্টেবল মানসুর আহমেদকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বরিশাল সদর নৌ থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network