কেরুজ চত্বর থেকে এবার ৪টি বোমা উদ্ধার

আপডেট: February 16, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

কেরুজ চত্বর থেকে রবিবার দুপুরে উদ্ধারকৃত বোমা

দেশের সর্ববৃহৎ চিনিকল চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চত্বর থেকে এবার লালটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো শক্তিশালী বোমা। রবিবার (১৬ই ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে নফর সংগঠনের অফিসের পেছন থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে কেরু এলাকাসহ পুরো দর্শনা জুড়ে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার কেরুর জেনারেল অফিস সংলগ্ন ক্লাব এলাকা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি এবং গতকাল শনিবার কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় অপর একটি বোমা উদ্ধার করা হয়। উদ্ধারের দিনই রাজশাহী থেকে র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে সেগুলো নিষ্ক্রিয় করেন। এসময় বিকট শব্দের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার ও শনিবার কেরুজ চত্বর থেকে বোমা উদ্ধারের ঘটনায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানার নেতৃত্বে রবিবার সকাল থেকে পুরো কেরুজ চত্বর এলাকায় তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী। তল্লাশিকালে দুপুর ২টার দিকে ৪টি বোমা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, কেরুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে নির্বাচনি আমেজের মধ্যেই কেরু এলাকায় ঘটতে শুরু করে নানা অপ্রীতিকর ঘটনা। নির্বাচনের সপ্তাহখানেক আগে সাধারণ সম্পাদক প্রার্থী কেরু চিনিকলের পার্বতীপুর বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ সৌমিক হাসান রুপমকে পঞ্চগড় সুগারমিলে বদলির ঘটনায় কেরু জুড়ে শুরু হয় তুমুল আন্দোলন। ১৬ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা থাকলেও গত ৭ই ফেব্রুয়ারি স্থগিত করা হয় নির্বাচন। তারপর থেকে শুরু হয়েছে বোমা উদ্ধারের ঘটনা। তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত এবং কী কারণে বোমা রাখা হচ্ছে তার কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এসব বোমা উদ্ধারের ঘটনায় কেরু কর্তৃপক্ষ দর্শনা থানায় মামলা দায়ের করেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network