আপডেট: July 1, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় বিএসএফের হাতে আটক হওয়া ১৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার (১লা জুলাই ২০২৫) বিকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার সময় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন কুমারীপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপি কমান্ডারকে অবগত করেন যে, অবৈধভাবে ভারতে বসবাসরত ১৫ জন বাংলাদেশী নাগরিক ভারত হতে বাংলাদেশে আসার সময় বিএসএফের হাতে আটক হয়েছে।
আটক বাংলাদেশীদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত তথ্য প্রেরণসহ তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে বিএসএফ।
উক্ত ১৫ জন বাংলাদেশীর পরিচয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার বিকালে সীমান্ত পিলার ৬০/৮৭-আর এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করে বিজিবি।
সাধারণ ডায়েরির মাধ্যমে তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

