ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করা হয়।এ সময় পাম্প মালিকের বাসার ভিতরে মাটির নিচে দুটি ট্যাংকি ও দুটি গাড়িতে জ্বালানি মজুদ পাওয়া যায়।অভিযানে অবৈধভাবে মজুদ রাখা চার হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধভাবে মজুতকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, গত দেড় থেকে দুই মাস যাবত তিনি এসব জ্বালানি মজুদ করে আসছিলেন।
দাম বৃদ্ধি হলে এসব জ্বালানি বিক্রি করার উদ্দেশ্য ছিল মালিকের। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।অভিযান কালে আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম প্রমুখ।এছাড়াও এর আগে গত রাতে জেলার হালুয়াঘাটে অভিযান চালিয়ে ২৩০ লিটার জ্বালানি জব্দ করে উপজেলা প্রশাসন।




