আপডেট: এপ্রিল ২৯, ২০২৬
আপডেট নিউজ ডেস্ক:: সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে বুধবার সকাল থেকেই থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার সকাল ১০টার পর থেকে বজ্রসহ এই বৃষ্টি শুরু হয়। টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে লঘুচাপ ও ঘন মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পরিস্থিতির কারণে বরিশাল নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
টানা বৃষ্টিতে নগরীর ভাটিখানা, বটতলাসহ বেশ কয়েকটি নিচু এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে যানবাহন সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় থমকে গেছে।
ভাটিখানা এলাকার বাসিন্দা লিটন জানান, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যাচ্ছে। বটতলা এলাকার বাসিন্দা কহিনুর বলেন, রাস্তায় হাঁটুসমান পানি হয়ে গেছে, জরুরি কাজেও বের হতে পারছি না।এদিকে তীব্র গরমের পর এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও জলাবদ্ধতা সেই আনন্দ ম্লান করে দিয়েছে।

