আপডেট: মে ২৪, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকায় একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।রবিবার দুপুর ১২টার দিকে ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ট্রাক্টরে ছয়জন যাত্রী নিয়ে সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে সেতুর মাঝের অংশ ধসে পড়ে। এতে ট্রাক্টরটি নিচে পড়ে যায় এবং এতে থাকা সবাই আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেলেও স্থানীয়রাই এরই মধ্যে আহতদের হাসপাতালে পাঠিয়ে দেন।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. শামছুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এটি দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন।সেতুটি ভেঙে পড়ায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

