আপডেট: জুন ২৪, ২০২৬
অনলাইন ডেস্ক:: পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে রাজশাহীতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী ভক্ত সমাবেশ ও মিলনমেলা।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্তুগাল সমর্থকদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় উৎসবমুখর এক পরিবেশে।রাজশাহী নগরীর আলুপট্টি এলাকার একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (২৩ জুন) রাতে সারাদেশের ৬৪ জেলা থেকে দুই শতাধিক পর্তুগাল সমর্থক একত্রিত হন। তাদের অনেকেই ঢাকা, চট্টগ্রাম, যশোর ও খুলনাসহ বিভিন্ন জেলা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজশাহীতে পৌঁছান।শুরুতে অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে পরিচিত হন এবং ফুটবল ভালোবাসার অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
সন্ধ্যার পর আয়োজিত আলোচনায় উঠে আসে রোনালদোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার, অর্জন ও আন্তর্জাতিক ফুটবলে তার প্রভাব।রাতে আয়োজন করা হয় রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে কুইজ প্রতিযোগিতা।
পাশাপাশি কেক কাটা, নাচ, গান এবং সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনমেলা।
আয়োজকরা জানান, মঙ্গলবার রাতে পর্তুগাল ও উজবেকিস্তানের ম্যাচ একসঙ্গে বসে উপভোগ করেন সমর্থকরা। এ ম্যাচকে কেন্দ্র করেই ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।পর্তুগাল জাতীয় ফুটবল দল সমর্থকরা বলেন, সারাদেশ থেকে রাজশাহীতে আসার দীর্ঘ পথ ও কষ্ট প্রিয় তারকার প্রতি ভালোবাসার কাছে হার মেনেছে।তাদের মতে, রোনালদোকে ঘিরে এ মিলনমেলা শুধু একটি ম্যাচ দেখা নয়, বরং আবেগ ও ভালোবাসার এক অনন্য সমাবেশ।ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যান গ্রুপ বাংলাদেশ-এর সভাপতি আব্দুল কাদের বলেন, রোনালদোর শেষ বিশ্বকাপে তিনি যেন শিরোপা ছুঁয়ে দেখতে পারেন-এই প্রত্যাশাই ভক্তদের একত্র করেছে।
আয়োজক মিজানুর রহমান আলো বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের উপস্থিতিতে পুরো আয়োজন এক ভিন্ন আবহ তৈরি করেছে। দীর্ঘ পথের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেছে প্রিয় ফুটবলারকে ঘিরে উচ্ছ্বাসে।আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের পর্তুগালের জার্সি উপহার দেওয়া হয়। পাশাপাশি সারাদিনের জন্য ছিল ভুরিভোজের ব্যবস্থা, যা মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

