আপডেট: November 18, 2026
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোল বোমা, ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), একই উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর এলাকায় তারা ডিউটিতে নিয়োজিত ছিলেন। হঠাৎ কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জনের নেতাকর্মী সরকারকে উৎখাত করার জন্য একটি ঝটিকা মিছিল বের করে। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে পেট্টোল বোমা নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া করে মিছিল থেকে ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল ও বিস্ফোরিত পেট্রোল বোমা আলামত হিসেবে জব্দ করা হয়ে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর ১০ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

