অপহরণের পর তরুণকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

আপডেট: February 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটার মহিপুরে তরুণকে অপহরণ করে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। থানায় অভিযোগের ২ দিন অতিবাহিত হলেও অপহৃত তরুণ রায়হানকে উদ্ধার ও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে অপহৃত রায়হান বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তার শ্বশুরবাড়ি তালতলির উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার সময় তার সঙ্গে ১ লাখ টাকা ও তার নিজের মোটরসাইকেল এবং একটি মোবাইল ছিল। পরবর্তীতে সন্ধ্যায় রায়হানের স্ত্রী তাকে ফোন করে অবস্থান জানতে চাইলে মোবাইলের অপর প্রান্ত থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান এবং কিছুক্ষণ পরে লাইন কেটে ফোন বন্ধ করে দেয়া হয়। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে শাজাহান শিকদারের মাধ্যমে তার পিতা আবুল কাশেম ফেসবুকে একটি ভিডিও দেখতে পান।

ভিডিওতে দেখা যায় অপহৃত রায়হানকে গাছের সঙ্গে হাত বেঁধে একটি নির্জন বনের ভেতরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাচ্ছে ৪-৫ জন তরুণ। লতাচাপলীর ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের নেছার সিকদারের ছেলে ইমাম শিকদারের (ইমন) নেতৃত্বে ৪-৫ জন তরুণ এ নির্যাতন করছেন।

এরপর রায়হানের পিতা আবুল কাশেম শুক্রবার বিকেলে বাদী হয়ে ইমাম সিকদার, মসিউর, ইমরান, বিপ্লব শীলের নাম উল্লেখ করে আরও ৪-৫ জন অজ্ঞাত দিয়ে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২ দিন অতিবাহিত হলেও অপহৃত রায়হানকে উদ্ধার বা আসামিদের কাউকেই আটক করতে পারেনি মহিপুর থানা পুলিশ।

রায়হানের পিতা আবুল কাশেম বলেন, ইমাম সিকদার তার ব্যবহৃত (০১৩০৮৫৭৯….) এই নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দিয়ে বলে আপনার ছেলেকে আমরা ছেড়ে দিয়েছি, বেশি বাড়াবাড়ি করলে আরো খারাপ হবে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের আসামিরা এলাকার চিহ্নিত মাদক কারবারী। মাদক ব্যবসার দায়ে একাধিকবার তারা পুলিশের হাতে আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আমরা আসামিদের আটকের জন্য অভিযান পরিচালনা করছি এবং অপহৃত রায়হানকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network