আপডেট: May 11, 2026
আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এই ঘটনায় আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম ও সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে। শনিবার (৯ মে) স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বান্নু জেলায় এই হামলার ঘটনাটি ঘটে।
সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি দ্রুতগামী গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী পুলিশের ওই স্থাপনায় সজোরে ধাক্কা দেয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এতে স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
রোববার (১০ মে) নিহত পুলিশ সদস্যদের জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শত শত মানুষ অংশ নিয়ে শোক প্রকাশ করেন।নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এই হামলাটি চালানো হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মাত্রা বৃদ্ধি পাওয়ায় এই ঘটনা ওই অঞ্চলে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
সূত্র: সিনহুয়া।

