আপডেট: জুলাই ১৪, ২০২৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফুটবল বিতরণ করেছেন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সদস্য ও আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বকসী।
সম্প্রতি তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে এই ফুটবল বিতরণ করেন। এ সময় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আল-আমিন বকসী বলেন, “বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী মাদক, মোবাইল গেম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। তাদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতাও গড়ে তোলে।”
তিনি আরও বলেন, “আমার ব্যক্তিগত উদ্যোগে আজ ফুটবল বিতরণ করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণসহ শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব। আমাদের তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা সবার দায়িত্ব।”
আব্দুল্লাহপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম হোসেন বলেন, “আমরা নতুন ফুটবল পেয়ে খুবই আনন্দিত। এতে আমরা নিয়মিত অনুশীলন করতে পারব এবং মোবাইলের পরিবর্তে মাঠে বেশি সময় কাটাতে উৎসাহ পাব।”
আরেক শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের মানসিক প্রশান্তি দেয়। এমন উদ্যোগ অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।”
একজন অভিভাবক মো. আব্দুর রহমান বলেন, “বর্তমানে শিশু-কিশোরদের মোবাইল নির্ভরতা উদ্বেগজনক। আল-আমিন বকসী’র এই উদ্যোগ প্রশংসনীয়। এতে সন্তানরা মাঠমুখী হবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে।”
স্থানীয়রা জানান, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা যদি এ ধরনের উদ্যোগ নেন, তাহলে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা সহজ হবে।

