আপডেট: October 11, 2022
ছবি » আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়স্থ কুটুমবাড়ি ফুডপার্কে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১১ই অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় জীবননগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র উপস্থিত ছিলেন।
সজল আহম্মেদ জানান, ‘ভোক্তার বিভিন্ন সময়ে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উথলী বাসস্ট্যান্ড মোড়ের কুটুমবাড়ি ফুডপার্কে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে পচা-বাসি খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন ধরনের পানীয় বিক্রি এবং খাবারে মানবদেহের জন্য অননুমোদিত ক্ষতিকর ফুড কালার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’
এর আগে উথলী বাসস্ট্যান্ড মোড়ের বেকারি, মোল্লা ফুডসে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও তৈরিকৃত খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে মেয়াদ ও মূল্য না থাকায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে বাসস্ট্যান্ড মোড়ের ভাই ভাই স্টোর নামের একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করেন জীবননগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং জীবননগর থানার এসআই নওশাদ মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন।

