আপডেট: September 23, 2023
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন( ভোলা): চরফ্যাসনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সরকারের বেধে দেওয়া সীমার মধ্যে রাখার লক্ষে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক। গতকাল শনিবার দুপুর ১২ টায় চরফ্যাসন বাজারে বিভিন্ন পাইকারি ও খুচরা মুদি দোকানে গিয়ে তিনি পন্যের মূল্য তালিকা যাচাই করেন। বাজার ঘুরে তিনি বাজারের দোকানগুলোতে আলু ও পেয়াজের পর্যাপ্ত যোগান দেখতে পান। এ সময় কয়েকটি দোকানে যথাযথভাবে মূল্য তালিকা না পাওয়ায় দোকানদারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ সতর্ক করেন।
মনিটরিংকালে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মাঈনুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নওরীন হক বলেন, নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য বাজারে সরকারের বেধে দেওয়া মূল্য তালিকা বাস্তবায়নে আমরা কঠোরভাবে মনিটরিং চালাচ্ছি , ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

