আপডেট: July 22, 2025
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি’র সাথে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির (২০২৫-২০২৬) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১জুলাই) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম উপদেষ্টা হাজী জাহিদুল ইসলাম রাসেল, সভাপতি মিজানুর রহমান নাগর, সাধারণ সম্পাদক হাওলাদার মাহাদী নিয়াজ, নির্বাহী সদস্য আলামিন শাহারিয়ার প্রমুখ ।
অনুষ্ঠানে প্রত্যেকে নিজেদের সাংগঠনিক পরিচয় তুলে ধরেন। এ সময় ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা, আমাদের দেশের অর্থনীতির অন্যতম প্রধান যোগানদাতা, তাদের জন্য আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সংগঠনটির অন্যতম উপদেষ্টা হাজী জাহিদুল ইসলাম রাসেল বলেন, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন বিগত বছরগুলোতে বিভিন্ন ধরনের মানবিক কাজে জড়িত ছিলো, ভবিষ্যতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান নাগর বলেন, প্রবাসী ও ভোলা জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমাদের সংগঠন সুন্দর ভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
মূলত ২০১৯ সাল থেকে সংগঠনটি আর্তমানবতার সেবায় শীতবস্ত্র, ঈদ উপহার, চিকিৎসা সামগ্রী বিতরণ ও অসহায়দেরকে আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

