আপডেট: July 11, 2023
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): নিরাপদ খাদ্য উৎপাদনে রাসায়নিক সারের পরিবর্তে কৃষিতে পরিবেশবান্ধব সার ব্যবহারের লক্ষ্যে চরফ্যাসনের আবুবকরপুরে শুরু হলো বৃহৎ পরিসরে কেঁচো বা ভার্মি কম্পোস্ট সারের উৎপাদন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় আবু বকরপুর ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সারের উৎপাদন শুরু করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১১ জুলাই) বিকেল চারটায় ইউনিয়নের রোদ্রের হাট এলাকার
উদ্যোক্তা মোঃ খায়রুল এর নিজস্ব বাড়িতে
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রহমত উল্লাহ, সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক জয়দেব মিস্ত্রিসহ এফডিএ’র কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের খামারি ও উদ্যোক্তাগন। এক প্রতিক্রিয়ায় উদ্যোক্তা মোঃ খায়রুল জানান, আমার ভার্মি কম্পোস্ট প্লান্টে ৪৫ দিনে প্রায় ৪ টন কেঁচো
সার উৎপাদিত হয়। ইতিমধ্যে প্রতি কেজি সার ২০ টাকায় বিক্রি শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খরচ বাদ দিয়ে মাসে তার প্রায় অর্ধ লক্ষ টাকা আয় হবে।

