চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা আটক

আপডেট: June 21, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিলন আলী লিমনকে (৪০) আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২১শে জুন ২০২৫) ভোরে শহরের এতিমখানা রোডের (ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মিলন আলী লিমন একই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায় এতিমখানা রোডে মিলন আলী লিমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।

এসময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১টি নাইনএমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ৪টি চাইনিজ চাপাতি, ১টি চাইনিজ ছুরি, ১টি রামদা, ১টি অ্যান্ড্রয়েড ও ৪টি বাটন মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়েরপূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network