আপডেট: January 11, 2021
অনলাইন ডেস্ক:: আট পা-ওয়ালা অদ্ভুত ছাগল ছানা জন্ম নিয়েছে যশোরে। জন্মের এক ঘণ্টা পর ছাগল ছানাটি মারা গেছে। তার পরেও শত শত মানুষ মৃত ছাগল ছানাটি দেখতে ভীড় করছেন।
আজ সোমবার সদর উপজেলার মানিকদিহি গ্রামের সরোয়ার হোসেনের বাড়িতে অদ্ভুত এ ছাগল ছানাটির জন্ম হয়। সরোয়ার হোসেন জানিয়েছেন, জন্মের এক ঘণ্টার মধ্যেই ছাগল ছানাটি মারা যায়।
সরোয়ার হোসেনের প্রতিবেশী সাব্বির জানান, সকাল সাড়ে ১০টার দিকে মানিকদিহি গ্রামের সরোয়ার হোসেনের পোষা একটি ছাগল বাচ্চা প্রসব করে। ওই ছাগলটি এবারই প্রথম বাচ্চা প্রসব করেছে। তিনি আরো বলেন, ছাগল ছানাটি চার পায়ের পরিবর্তে আট পা নিয়ে জন্ম নেয়। বিষয়টি প্রতিবেশিদের মাধ্যমে মানিকদিহি গ্রামসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর ছাগল ছানাটি দেখতে উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে সরোয়ার হোসেনের বাড়িতে।সরোয়ার হোসেন জানিয়েছেন, দুপুরের পর ছানাটি মাটি চাপা দেওয়া হবে।এ ব্যাপারে যশোর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শফিউল আলম জানান, গর্ভধারণের সময় একাধিক শুক্রানু গর্ভাশয়ে প্রবেশ করার ফলে অস্বাভাবিক বাচ্চা জন্ম নেয়। এ ধরনের বাচ্চা অনেক সময় জন্মের পরপরই মারা যায়। আবার কিছু বাচ্চা বেঁচে গেলেও তারাও অল্প দিনের ব্যবধানে মারা যায়। মানুষের ক্ষেত্রেও এধরনের সমস্যা হয়ে থাকে।

