জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই খুন, ছোট ভাই গ্রেফতার

আপডেট: April 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ফজলুর রহমান (৭০)-কে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে খুন করার ঘটনায় ছোট ভাই হাফিজুর রহমান (৫৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে খুনের কাজে ব্যবহৃত চাকু। বুধবার (২৭শে এপ্রিল) যশোর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আনোয়ার সাঈদ। গ্রেফতারকৃত হাফিজুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত মুজিবর রহমান মাস্টারের ছেলে।

এর আগে গত মঙ্গলবার (২৬শে এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বারোবাজারস্থ ছোট ভাই হাফিজুর রহমানের হোমিও হলে যান বড় ভাই ফজলুর রহমান। এ সময় তাদের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই ফজলুর রহমানকে দোকানে থাকা চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করেন ছোট ভাই হাফিজুর রহমান।

রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা ফজলুর রহমানকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই যশোর জেলা থেকে আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করতে সমর্থ হয় তারা। এ ঘটনায় বুধবার (২৭শে এপ্রিল) সকালে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network