আপডেট: December 23, 2023
পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ময়েন উদ্দিন
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন (৪৫) গ্রেফতার হয়েছে। তিনি উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের ইন্তাজুল হকের ছেলে এবং সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। শুক্রবার (২২শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) দিবাগত গভীর রাতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে জীবননগর থানার এসআই সিরাজুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা হতে নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মঈন উদ্দীন ময়েনকে গ্রেফতার করেন। তিনি গত ২৯শে অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে জীবননগর থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।
এদিকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা অবস্থায় উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন (৬২) জীবননগর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার রাত সোয়া ১০টার দিকে জীবননগর থানাধীন পেয়ারাতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন পেয়ারাতলা গ্রামের মৃত সিদ্দিক খানের ছেলে। এ সময় উদ্ধার করা হয় ককটেল বোমা সাদৃশ্য ৩টি অবিস্ফোরিত বস্তু, পলাতক আসামিদের ফেলে যাওয়া ৫টি বাঁশের লাঠি, ২টি লোহার রড এবং ১টি বাজাজ সিটি হান্ড্রেড মোটরসাইকেল।
গ্রেফতারকৃত আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

