আপডেট: জুলাই ১১, ২০২৬
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
জীবননগরের কর্চ্চাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই গ্রামের আকের আলী মণ্ডল (৬৫) ও তার স্ত্রী ফেরুজা খাতুনকে (৪০) আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (১০ই জুলাই) বিকালে নিজ বসতবাড়ি হতে ওই দম্পতিকে আটক করে জীবননগর থানা পুলিশের একটি টিম। পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য (সামারি ট্রায়াল) তাদেরকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি আকের আলী মণ্ডলকে দুই বছরের এবং ফেরুজা খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
জীবননগর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেৃতত্বে এসআই হাফিজুল ইসলাম শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কর্চ্চাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় আকের আলী মণ্ডলকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও তার স্ত্রী ফেরুজা খাতুনকে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের নিজ বসতবাড়ি হতে আটক করা হয়। শনিবার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে আকের আলী মণ্ডলকে দুই বছরের এবং ফেরুজা খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জীবননগর থানা এলাকা মাদকমুক্ত করতে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। নিজ এলাকার মাদককারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে জীবননগর থানা পুলিশকে সহযোগিতা করুন।

