আপডেট: May 23, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানো, পুলিশের নিকট সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের প্রত্যাশা এবং জনসাধারণের অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জীবননগর থানার আয়োজনে বৃহস্পতিবার বিকালে পৌরশহরের গোপালনগরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ পুলিশ সুপারের নিকট বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার ভুক্তভোগীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি ছাত্রসমাজ ও সাধারণ জনগণের দায়িত্ব মাদক, মানবপাচার, জুয়া, আত্মহত্যা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদক ও চোরাকারবারির সঙ্গে কোনো আপস নেই। চোরাকারবারি, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস ও পুলিশ পরিদর্শক (অপারেশন) আতিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, আগত সেবাপ্রত্যাশী, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

