ট্রাক চালকের সিটের নিচে মিলল ১৪ হাজার পিস ইয়াবা

আপডেট: December 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ট্রাক চালকের সিটের নিচ থেকে বেরিয়ে এলো ১৪ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় চালক আবুল কাশেম (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রাকে করে ইয়াবা পাচারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, সেকেন্ড অফিসার এসআই আহসান হাবিব ও এএসআই মারুফ সিকদারের নেতৃত্বে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় তাৎক্ষণিকভাবে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

এসময় দ্রুতগামী একটি ট্রাককে (নং-চট্ট-মেট্রো-ট-০৫-০৪৯১) সিগন্যাল দিলে গাড়ি থামানোর পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে ট্রাকে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত চালক কক্সবাজারের রামুর খুনিয়া পালং এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে আবুল কাশেমকে গ্রেপ্তার ও ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আবুল কাশেম একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। ট্রাক চালানোর নাম করে সে নিয়মিত ইয়াবা পাচার করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত কাশেমের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network