আপডেট: April 21, 2021
বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীতে ‘সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশন’ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে দুই টাকার ইফতারির হাট বসানো হয়েছে। মহামারী করোনাভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার উজ্জ্বল চত্বরে অস্থায়ী স্টল বানিয়ে রোজাদারদের মাঝে মাত্র দুই টাকায় ইফতার বিক্রি করছেন সংগঠনটি।
আজ বুধবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার দুই টাকার ইফতারির বিক্রির হাটের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপনসহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবী কর্মীরা।
জানাগেছে, সংগঠনটির শুভাকাঙ্খীদের অর্থায়নে প্রতিবছর রমজান মাস উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য দুই টাকায় ইফতারি বিক্রির হাট বসে। এই হাটে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের মধ্যে ইফতার বিক্রি করেন। দুই টাকার ইফতারি প্যাকেটে বুট, মুড়ি, খেজুর, পেয়াজু, আপেলসহ প্রায় ১০টি আইটেম দেওয়া হয়।
সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি রফিকুল ইসলাম অন্তর বলেন, আজকে আমরা ৩০০ মানুষের জন্য ইফতারি আয়োজন করে হাটে বিক্রি করতে নিয়ে এসেছি। তবে আমাদের চেষ্টা আছে প্রতিদিন ৫০০ মানুষের ইফতারের আয়োজন করার। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ায় লোকলজ্জার ভয়ে অনেকে কিছুই বলতে পারেনা না। তাদের কথা চিন্তা করে আমরা দুই টাকার ইফতারির হাট বসিয়েছি।

